সাবেক ব্রাজিলিয়ান ফুটবল তারকা রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এমন খবর নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ব্রাজিলিয়ান এই কিংবদন্তির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এর মধ্যেই তাকে অভিনন্দন ও স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. ইয়াসির আদ-দোসারি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রবার্তো কার্লোসের দুটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম।’
শুধু স্বাগত জানানোই নয়, রবার্তো কার্লোসের জন্য বিশেষ দোয়াও করেছেন শায়খ ইয়াসির আদ-দোসারি। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন তাকে দ্বীনের ওপর অটল রাখা হয়, হেদায়েত দান করা হয় এবং তার জীবনে বরকত দেওয়া হয়।
রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের বিষয়টি প্রথম আলোচনায় আসে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টকে কেন্দ্র করে। তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক সংসদ সদস্য ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের পর এ বিষয়ে একটি পোস্ট দেন।
ওই পোস্টে ব্রাজিলের মুসলিম যুব সংগঠনের এক প্রতিনিধির বরাতে দাবি করা হয়, রবার্তো কার্লোস দীর্ঘদিন ধরে ইসলামের বিষয়ে যোগাযোগ ও আলোচনা করে আসছিলেন। দাবি অনুযায়ী, কয়েক সপ্তাহ আগে তিনি ওই প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেন এবং শাহাদাহ পাঠ করেন। তবে এই দাবির স্বাধীন বা আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি।
ফুটবল ক্যারিয়ারে রবার্তো কার্লোস বিশ্বের অন্যতম সফল ও জনপ্রিয় ডিফেন্ডার হিসেবে পরিচিত। ব্রাজিল জাতীয় দল এবং স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে অসংখ্য সাফল্য অর্জন করেছেন তিনি। ক্যারিয়ারের শেষ দিকে তুরস্কের ফেনেরবাচের হয়েও খেলেছেন এই কিংবদন্তি।
তুরস্কে দীর্ঘদিন খেলার সুবাদে দেশটিতে তার ব্যাপক পরিচিতি রয়েছে। ফলে তার ইসলাম গ্রহণসংক্রান্ত খবর ছড়িয়ে পড়ার পর তুর্কি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে ইসলাম গ্রহণের গুঞ্জনের আগে রবার্তো কার্লোসের ব্যক্তিগত জীবন নিয়েও নতুন আলোচনা শুরু হয়। সম্প্রতি ফিফা নিবন্ধিত ফুটবল এজেন্ট ও মরক্কান বংশোদ্ভূত স্প্যানিশ তরুণী সোহাইলা এল তাহিরির সঙ্গে তার বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
তবে ইসলাম গ্রহণের বিষয়ে রবার্তো কার্লোস নিজে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দেওয়া পর্যন্ত বিষয়টি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তার পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য এলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

0 Comments