Header Ads Widget

Responsive Advertisement

শেখ হাসিনা ও হাদি হত্যাকাণ্ড: ভারতকে প্রত্যর্পণ দ্রুত করার অনুরোধ বাংলাদেশের



সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া দ্রুত করার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজনদেরও দ্রুত দেশে ফেরত পাঠানোর অনুরোধ করা হয়েছে।


সোমবার (১০ আগস্ট) ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাতের পর বিষয়টি সাংবাদিকদের জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়টি বৈঠকে গুরুত্ব দিয়ে উত্থাপন করা হয়েছে। বাংলাদেশ ভারতের কাছে প্রত্যর্পণ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে দিল্লির কাছ থেকে ইতিবাচক পদক্ষেপ প্রত্যাশা করছে।

ওসমান হাদি হত্যাকাণ্ড প্রসঙ্গে খলিলুর রহমান জানান, হত্যাকাণ্ডের সন্দেহভাজনরা আটক হয়েছে। তাদের বিষয়ে ভারত যেসব প্রয়োজনীয় নথিপত্র চেয়েছিল, বাংলাদেশ সেগুলো সরবরাহ করেছে। এখন সন্দেহভাজনদের দ্রুত বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়ে অনুরোধ জানানো হয়েছে।

তিনি বলেন, হাদি হত্যাকাণ্ডের বিষয়টি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর। তাই এ ঘটনায় জড়িতদের দ্রুত প্রত্যর্পণের ওপর জোর দেওয়া হয়েছে।

এদিকে বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে। সীমান্তে হত্যা এবং পুশ-ইনসহ বিভিন্ন বিষয় সংক্ষেপে আলোচনায় আসে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

৫ আগস্টের ঘটনাকে কেন্দ্র করে ভারতের কাছে বাংলাদেশের অসন্তোষের বিষয়টিও আলোচনায় এসেছে। বাংলাদেশের অবস্থান ভারতীয় কর্তৃপক্ষকে স্পষ্টভাবে জানানো হয়েছে এবং বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে নিয়েছে বলে জানান খলিলুর রহমান।

দুই দেশের সম্পর্ক কবে পুরোপুরি স্বাভাবিক হবে—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে নির্দিষ্ট সময়সীমা বলা তার পক্ষে সম্ভব নয়।

Post a Comment

0 Comments