Header Ads Widget

Responsive Advertisement

২০ কোটি রুপি নেবেন না শ্রদ্ধা! প্রযোজক হয়ে বড় চমক দিতে চলেছেন অভিনেত্রী

 



বিনোদন ডেস্ক 

বলিউডে পারিশ্রমিক নেওয়ার প্রচলিত ধারায় এবার বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। অভিনয়ের জন্য প্রস্তাব পাওয়া প্রায় ২০ কোটি রুপি এককালীন পারিশ্রমিক নেওয়ার বদলে সিনেমাটির প্রযোজনার সঙ্গে যুক্ত হওয়ার কথা ভাবছেন তিনি।

‘শার্ক ট্যাংক ইন্ডিয়া’র পরিচিত উদ্যোক্তা অশনীর গ্রোভারের জীবন অবলম্বনে নির্মিত হতে যাওয়া একটি বায়োপিকে অভিনয় করার কথা রয়েছে শ্রদ্ধার। সিনেমাটিতে অশনীরের স্ত্রী মাধুরী জৈন গ্রোভারের চরিত্রে দেখা যেতে পারে তাকে। ছবিটির চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে রয়েছেন রাহুল মোদী।

২০ কোটির প্রস্তাব, কিন্তু সিদ্ধান্ত ভিন্ন

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই সিনেমায় অভিনয়ের জন্য শ্রদ্ধা কাপুরকে প্রায় ২০ কোটি রুপি পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে অভিনেত্রী সেই অর্থ সরাসরি পারিশ্রমিক হিসেবে নেওয়ার পরিবর্তে সিনেমার অন্যতম প্রযোজক হিসেবে যুক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করছেন।

এই মডেলে শুরুতে নির্দিষ্ট পারিশ্রমিক না নিয়ে সিনেমার বক্স অফিস আয়, ওটিটি স্বত্ব এবং অন্যান্য বাণিজ্যিক আয়ের একটি অংশ পাওয়ার সুযোগ থাকতে পারে তার।

সিনেমাটি বড় ধরনের ব্যবসা করলে এই পদ্ধতিতে শ্রদ্ধার আয় ২০ কোটি রুপির প্রস্তাবিত অঙ্ককেও ছাড়িয়ে যেতে পারে।

বলিউডে বাড়ছে লাভ ভাগাভাগির প্রবণতা

তারকাদের মধ্যে সিনেমার মুনাফায় অংশীদার হওয়ার প্রবণতা নতুন নয়। নির্দিষ্ট পারিশ্রমিকের পাশাপাশি অনেক অভিনেতাই এখন সিনেমার লাভ ও স্বত্বের অংশ নেওয়ার দিকে ঝুঁকছেন।

অক্ষয় কুমারও এমন মডেল অনুসরণ করে লাভবান হয়েছেন বলে সম্প্রতি খবর প্রকাশিত হয়েছে। ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমায় তুলনামূলক কম পারিশ্রমিকের বিনিময়ে ছবিটির স্বত্বের বড় একটি অংশ নিজের ও প্রযোজনা প্রতিষ্ঠানের হাতে রাখার কথা জানা যায়। সিনেমাটি সফল হলে লাভের অংশ হিসেবে তার আয় ৩৫ কোটি রুপির বেশি হয়েছে বলেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

শাহরুখ খান, আমির খান, সালমান খান, অজয় দেবগন ও রণবীর সিংয়ের মতো তারকারাও সিনেমার মুনাফায় অংশ নেওয়ার মডেল ব্যবহার করছেন বলে জানা গেছে।

নতুন সিনেমা নিয়েও ব্যস্ত শ্রদ্ধা

এদিকে শ্রদ্ধা কাপুর বর্তমানে ‘ইথা’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এই সিনেমার জন্য তিনি ১২ থেকে ১৫ কোটি রুপি পারিশ্রমিক পাচ্ছেন বলে জানা গেছে।

তবে অশনীর গ্রোভারের বায়োপিকের ক্ষেত্রে শেষ পর্যন্ত শ্রদ্ধা ২০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন, নাকি প্রযোজক হিসেবে যুক্ত হয়ে সিনেমার লাভের অংশীদার হবেন—তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

সূত্র: ভারতীয় সংবাদমাধ্যম

Post a Comment

0 Comments